ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, গার্ড অব অনার প্রদান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৬, ০৪:২০ পিএম

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, গার্ড অব অনার প্রদান

ছবি: সংগৃহীত

ভোলায় রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং স্বজনরা অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজার আগে প্রবীণ এই রাজনীতিবিদকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে খলিফাপট্টি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বজনরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। ভোলা জেলা বিএনপির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। জানাজা শেষে মরদেহ তার জন্মস্থান ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে শেষ জানাজা শেষে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

ছবি: সংগৃহীত

সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওই রাতেই রাজধানীর ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই নেতা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, জামাতা ডা. তৌহিদুজ্জামানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Link copied!