ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার পাশাপাশি দোকানপাট ও বিপণিবিতানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদসচিব জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে।
তবে তিনি বলেন, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি করবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবার অংশ হিসেবে ফার্মেসিগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে।
এ ছাড়া খাবারের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকবে। হাসপাতালসংলগ্ন দোকান বা জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে।