ছবি: সংগৃহীত
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও আলোচিত ব্যবসায়ী রন হক শিকদার আর নেই। সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাই এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, শারীরিক জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার।
ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি নানা অভিযোগেও আলোচনায় ছিলেন তিনি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সাবেক এই পরিচালক অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন।
২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অর্থ পাচার ও অনিয়মের অভিযোগে মামলা করে। অভিযোগে বলা হয়, তার ও তার ভাইয়ের নামে থাকা বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহার করে নির্ধারিত সীমার বাইরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে ব্যয় করা হয়, যা পরে বৈধ করার চেষ্টা করা হয়।