ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৩:৩১ পিএম

ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক বাগান মালি নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে এগারোটার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দেবদূত এলাকায়। তার বাবার নাম রয়জুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগান মালি হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী সুনীল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রোকেয়া হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন ছিয়াকুল। এ সময় অন্য একটি কাঁঠাল তার মাথার ওপর পড়লে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Link copied!