ভবিষ্যৎ বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০১:৩৩ পিএম

ভবিষ্যৎ বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি রাখতে চায় ফিফা

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি নিয়ে সমালোচনা থাকলেও ভবিষ্যৎ আসরগুলোতেও এই নিয়ম চালু রাখার বিষয়টি বিবেচনা করছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, খেলোয়াড়দের সুরক্ষা ও ম্যাচের গতি ধরে রাখতে এই বিরতি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার এক বক্তব্যে ইনফান্তিনো জানান, চলতি বিশ্বকাপের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ টুর্নামেন্টে হাইড্রেশন বিরতি রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া এই বিরতি নিয়ে অনেক দর্শক ও সমালোচকের আপত্তি রয়েছে। তাদের অভিযোগ, এতে খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এবং এটি অনেকটা আমেরিকান ধাঁচের টাইমআউটের মতো হয়ে যাচ্ছে।

তবে ফিফা সভাপতি মনে করেন, বিরতির ফলে কোচরা কৌশল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, খেলোয়াড়রা সামান্য বিশ্রাম পায় এবং আরও শক্তি নিয়ে খেলায় ফিরতে পারে। তার মতে, এতে ম্যাচের তীব্রতা ও বিনোদন আরও বাড়তে পারে।

ইনফান্তিনো বলেন, এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই শেষ মুহূর্ত পর্যন্ত উচ্চ তীব্রতায় খেলা হয়েছে। খেলোয়াড়দের এমন ধারাবাহিক গতি ধরে রাখতে ছোট বিরতিগুলো সহায়ক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

চলতি আসরে গোলের সংখ্যা, তারকা ফুটবলারদের পারফরম্যান্স এবং নবাগত দলগুলোর চমক টুর্নামেন্টকে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে সব ম্যাচে একইভাবে হাইড্রেশন বিরতি রাখা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে।

বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত বা ছাদযুক্ত স্টেডিয়ামেও বিরতি দেওয়ায় অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতি অর্ধের প্রায় ২২ মিনিটের সময় খেলা থামানো হলে কয়েকটি ম্যাচে গ্যালারি থেকে দুয়ো শোনা যায়।

ইনফান্তিনোর দাবি, প্রতিযোগিতার ন্যায্যতা নিশ্চিত করতেই সব ম্যাচে একই নিয়ম রাখা হয়েছে। তার মতে, শুধু গরম আবহাওয়ার ম্যাচে বিরতি দিলে কিছু দল বা কোচ বাড়তি সুবিধা পেতেন, যা প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারত।

বিরতির সময় টেলিভিশনে বিজ্ঞাপন দেখানো হলেও ফিফা এতে অতিরিক্ত আয় করছে না বলেও জানান তিনি। কারণ হাইড্রেশন বিরতির সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্প্রচার চুক্তিগুলো সম্পন্ন হয়েছিল।

ফিফা সভাপতি বলেন, টুর্নামেন্ট শেষে সব দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ বিশ্বকাপের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!