বিশ্বকাপের মাঝেই মা হারালেন ফ্রান্স কোচ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০২:০২ পিএম

বিশ্বকাপের মাঝেই মা হারালেন ফ্রান্স কোচ

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর কারণে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন। এ কারণে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ডাগআউটে দেখা যাবে না তাকে।

মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে ফেডারেশন জানায়, মঙ্গলবার সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।

বোস্টনে বাংলাদেশ সময় আগামী ২৬ জুন রাত ১টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এই ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে পারবেন না দেশম। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালিওর সঙ্গে আলোচনা করে দেশম সাময়িকভাবে দলের দায়িত্ব তুলে দিয়েছেন সহকারী কোচ গাই স্টেফেনের হাতে। দেশম ফিরে না আসা পর্যন্ত তিনিই দল পরিচালনা করবেন।

মাঠের লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। ফলে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ফ্রান্সের জন্য কেবল আনুষ্ঠানিকতার লড়াই হলেও, প্রধান কোচের এমন ব্যক্তিগত শোকের ঘটনায় পুরো দলে নেমে এসেছে বিষণ্নতার ছায়া।

উল্লেখ্য, দিদিয়ের দেশমের জন্য এটি প্রথমবারের মতো ব্যক্তিগত শোক নয়। এর আগে ২০২২ সালের উয়েফা নেশন্স লিগ চলাকালেও তিনি নিজের বাবাকে হারিয়েছিলেন। মাঠের সাফল্যের মাঝেও কোচের এই ব্যক্তিগত বিপর্যয়ে ফ্রান্সের বিশ্বকাপ শিবিরে এখন শোকের আবহ বিরাজ করছে।

Link copied!