ছবি: সংগৃহীত
দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিনে দেশের ছয় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী এবং রংপুর, সিলেট ও ঢাকা বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২ দিনও দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী এবং পরবর্তী ৩ দিন মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিনও এসব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। এছাড়া আগামী ৩ দিনে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে এসব নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যদিও তিস্তার পানি হ্রাস পেয়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এতে আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চলে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুলাই ও কংস নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সারিগোয়াইন, মনু ও যাদুকাটা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে খলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিনও বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে এসব নদীর পানি আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে।