ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
আজ (শুক্রবার) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন সরকারি চাকরিজীবীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।
এর আগে সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি কর্মচারীরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। দাবি পূরণ না হলে তারা বাড়ি ফিরবেন না বলেও ঘোষণা দেন।
তাদের অভিযোগ, অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারীদের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন তারা।