টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২৬, ১২:৫১ পিএম

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক এবং জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সভায় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শাহীন এবং এনটিভির প্রতিনিধি নোমান অরুপ।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবছার কবির আকাশ বলেন, টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা একযোগে কাজ করব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

Link copied!