মার্চ ২৪, ২০২৬, ০১:০১ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
দেশে বিদ্যমান জ্বালানি মজুত দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাজারে কিছুটা চাপ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার পর কিছু ফিলিং স্টেশন এখনও সীমিত পরিমাণে তেল সরবরাহ করছে, যা অযৌক্তিক। সরকারের মজুত থাকা জ্বালানি দিয়ে চাহিদা পূরণ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ও চাহিদার মধ্যে সাময়িক ব্যবধান তৈরি হয়েছে। এতে কিছুটা সংকট দেখা দিলেও তা দীর্ঘস্থায়ী হবে না।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত করার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।