বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনের পর প্রথমবারের মতো চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া এলাকায় বিপুল জনসমাগমের মধ্যে গণসংবর্ধনা পেয়েছেন তারেক রহমান। দীর্ঘ ২৫ বছর পর তাকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

আজ (শনিবার) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য দেন। স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিনটি প্রধান দাবি তার কাছে তুলে ধরেন।

জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।’ একই সঙ্গে সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি ইতিবাচক আশ্বাস দেন।

বক্তব্যের শুরুতে তারেক রহমান তার রাজনৈতিক দলের নানা উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরইমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’

এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনের সময় উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার যেমন দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি অর্থ লোপাটও করেছে। যার কারণে দেশের অর্থনীতি এখন কিছুটা চাপের মুখে রয়েছে।’ এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

Link copied!