জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:০৩ পিএম

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হাইকোর্ট জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আজ (মঙ্গলবার) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক।

এর আগে এই রিটের ওপর শুনানি শেষ হয়েছিল, যা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করেছিল।

উল্লেখ্য, এই বিষয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করা হয়েছিল। এক রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়েছিল, আর অন্য রিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছিল। এই রিট দুটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম।

এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি আরেকটি রিট দায়ের করা হয়, যাতে জুলাই জাতীয় সনদ বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়েছে।

Link copied!