চার রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারকে প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৮:৩২ পিএম

চার রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারকে প্রত্যাহার

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চারজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকেও দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যাহার করা চার রাষ্ট্রদূত হলেন— ড. এম. মাহফুজুল হক, মো. মাইনুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নজমুল ইসলাম। তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রত্যাহার হওয়া পাঁচজন কূটনীতিককে অবিলম্বে দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, হাইকমিশনার আবিদা ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় তিনি প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেননি।

এছাড়া হুমায়ুন কবির অভিযোগ করেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রমে দলীয় প্রভাব তৈরি হয়েছিল, যার কারণে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Link copied!