ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কাঁচা চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে আসছে। আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত শিল্পনগরীতে প্রায় ৫ লাখ ২৮ হাজার পিস কাঁচা চামড়া সংরক্ষণ করা হয়েছে।
সাভারের চামড়া শিল্পনগরীতে দেখা যায়, সংগ্রহ করা চামড়াগুলো কাটিং করে লবণ প্রয়োগের মাধ্যমে স্তূপ করে রাখা হয়েছে। নির্ধারিত সময় পর এসব চামড়ার স্তূপ ভেঙে ওয়েট ব্লু উৎপাদনের জন্য ড্রামে দেওয়া হবে। পরে বিভিন্ন ধাপের প্রক্রিয়ার মধ্য দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত শিল্পনগরীতে মোট ১ হাজার ১৭৭টি ট্রাক প্রবেশ করেছে। এসব ট্রাকে ৫ লাখ ১১ হাজার ৫১৩ পিস গরুর চামড়া এবং ১৬ হাজার ১৩৬ পিস ছাগলের চামড়া আনা হয়েছে।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম এখনও চলমান রয়েছে। তাদের আশা, চলতি মৌসুমে সাভারের ট্যানারিগুলোতে সংরক্ষিত চামড়ার সংখ্যা ৬৫ লাখ পিস ছাড়িয়ে যাবে, যা দেশের চামড়া শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।