ছবি: ভিডিও থেকে নেওয়া।
দেশের জ্বালানি সরবরাহ শক্তিশালী করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ইতোমধ্যে পাইপলাইনে জ্বালানি পাঠানো শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ২৯ মার্চ এই ডিজেল বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে একই পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের আওতায় এই জ্বালানি সরাসরি দেশে পৌঁছানোর পর তা বিভিন্ন বিপণন কোম্পানির মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
বিপিসি জানিয়েছে, ২০১৭ সালে ভারতের সঙ্গে হওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় দেশের উত্তরাঞ্চলে কৃষি সেচ ও পরিবহন খাতে জ্বালানির চাহিদা পূরণে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাবও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাড়লে পরিবহন ব্যয় কমবে এবং দেশের জ্বালানি ব্যবস্থাপনায় আরও স্থিতিশীলতা আসবে।