জ্বালানি সহযোগিতা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০১:৩৬ পিএম

জ্বালানি সহযোগিতা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে পড়তে শুরু করায় বিকল্প সহযোগিতার দিকগুলো গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা সংক্রান্ত আলোচনার বিষয়টি তাকে জানিয়েছেন। বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সরকারের প্রথম তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এতে শিল্প খাতে গতি বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি নিরাপত্তা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। চীনের সঙ্গে চলমান আলোচনা সেই প্রচেষ্টারই অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!