মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এসব রুটে আপাতত ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি রয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস। রোববার একদিনেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০টি।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ২টি ফ্লাইট।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। পরবর্তী দিনগুলোতেও বাতিলের ধারা অব্যাহত থাকে—১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।