জ্বালানি নিরাপত্তায় প্রয়োজনে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেবে সরকার: অর্থ উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০৭:২৭ পিএম

জ্বালানি নিরাপত্তায় প্রয়োজনে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেবে সরকার: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার বিকেলে এক বক্তব্যে তিনি বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবে। এ জন্য দরকার হলে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকেও ঋণ নেওয়া হতে পারে।

তিনি জানান, জ্বালানি খাতে অর্থের জোগান দিতে সরকারের নিজস্ব উৎস থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে সেই অর্থ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, নতুন জ্বালানি উৎস খুঁজে বের করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও টেকসই ও স্থিতিশীল করতে বিকল্প উৎসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও তিনি কথা বলেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে তিতুমীর বলেন, এই কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা হয়নি। একইভাবে কৃষক কার্ড বিতরণেও রাজনৈতিক বিবেচনা করা হবে না।

তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই এসব কার্ড দেওয়া হবে। অতীতে এ ধরনের কর্মসূচিতে রাজনৈতিক প্রভাব ছিল বলে অভিযোগ থাকলেও বর্তমান সরকার সে ধরনের চর্চা বন্ধ করতে চায়।

Link copied!