ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ১২:৪৩ পিএম

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বন্দর দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।
 

সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব রুহুল আমিন।
 

তিনি জানান, ঈদের ছুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যে বন্দরের মাধ্যমে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। তবে বন্দরের ভেতরে আগে থেকে থাকা আমদানিকৃত পণ্যের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
 

এছাড়া এই সময়েও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

রুহুল আমিন আরও বলেন, ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ সকাল থেকে আবারও স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে ভারতের মহদিপুর স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

Link copied!