ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মে মাসে দেশের বাজারে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির মূল্য সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ১৯ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আরও ২১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এ দুই উপাদানের মূল্য প্রতি মাসে প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। পাশাপাশি আমদানিকারক কোম্পানিগুলোর চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের বিনিময় হার হিসাব করা হয়।