ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৩৭ পিএম
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আরও ১৬টি দেশের কিছু নির্দিষ্ট অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি, বিশেষ করে বার্ড ফ্লু ও অন্যান্য প্রাণিজ রোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর তালিকা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার তথ্য ও মহামারি পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনের ভিত্তিতে নিয়মিত পর্যালোচনা করা হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত কয়েকটি দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকেই পোলট্রি পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়নের পর নতুন করে আরও কয়েকটি দেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। বিশেষ করে উচ্চমাত্রার বার্ড ফ্লু সংক্রমণকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, চীন, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, মিসর, নেপাল, মেক্সিকো, ভিয়েতনামসহ আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের নাম।
অন্যদিকে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, কানাডা, মালয়েশিয়া, ফিলিপাইনসহ ১৬টি দেশের নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে সৌদি আরব স্পষ্ট করেছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করা প্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে রপ্তানিকারক দেশকে সরকারি সনদ দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব বছরে প্রায় ১০ কোটি ডলারের ডিম আমদানি করে। দেশটির ডিমের বড় অংশ আসে ওমান, নেদারল্যান্ডস, জর্দান, তুরস্ক ও পাকিস্তান থেকে। অন্যদিকে, মুরগির মাংসের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ দেশীয় উৎপাদন থেকেই পূরণ হয়, আর বাকি অংশ প্রধানত ব্রাজিল থেকে আমদানি করা হয়।