মে ৬, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের পশুর হাটগুলোতে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে যাতে কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যানজট কমাতে এবং হাট ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে আগাম পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, অনুমোদন ছাড়া কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। নির্ধারিত সীমানার বাইরে পশু রাখার সুযোগও থাকবে না।
হাটের নিরাপত্তা জোরদারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি হাট ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
সরকারের পক্ষ থেকে এবার কোরবানির পশুর হাটগুলোকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখতে বিশেষ নজরদারির কথাও উল্লেখ করেন তিনি।