গম-ভুট্টা বোঝাই জাহাজ নদীতে আটকে রাখলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:২৩ পিএম

গম-ভুট্টা বোঝাই জাহাজ নদীতে আটকে রাখলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী

শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকা পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস

আমদানিকৃত গম ও ভুট্টা বহনকারী লাইটার জাহাজ থেকে সময়মতো পণ্য খালাস না করে নদীতে দীর্ঘদিন নোঙর করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
 

শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে দেখা যায়, একাধিক লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্য বোঝাই অবস্থায় নদীতে অলস পড়ে রয়েছে। বিধি অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা মানেনি।
 

মন্ত্রী বলেন, খাদ্যপণ্য অযৌক্তিকভাবে জাহাজে আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো চেষ্টা সরকার সহ্য করবে না। এ ধরনের অনিয়মে বাজার ব্যবস্থাপনা ব্যাহত হয় এবং ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় বলেও তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও জানান, সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নদীপথে নিয়মিত তদারকি ও অভিযান চালাচ্ছে।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে মেনে চলা এবং দ্রুত খাদ্যপণ্য খালাস করে সঠিক সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।

Link copied!