হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৬, ০৬:১১ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জনে। এর মধ্যে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৫৮ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হিসাব বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা বিভাগে দুইজন এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের আট বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২১২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ শিশু। গত ২৪ ঘণ্টায় ২৮২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Link copied!