গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ১ জন শিশুর মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৮ হাজার ২৩১ জন শিশুর মধ্যে ১১ হাজার ৬৫২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জন শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।