হামের উপসর্গ নিয়ে বরিশালে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৭ পিএম

হামের উপসর্গ নিয়ে বরিশালে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত শিশুটির নাম রাহাত। সে ভোলার দৌলতখানের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। এ নিয়ে বরিশাল বিভাগে এই রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে; যার মধ্যে শেবাচিমে হাসপাতালে মৃত্যু হলো সাতজনের।

আজ বুধবার সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে হাসপাতালটির তিনটি হাম আইসোলেশন কক্ষে রোগী ভর্তি রয়েছে ১৪০ জন। যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। হাসপাতাল ছেড়েছেন পাঁচজন। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৫০৫ রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, হাম সংক্রমণ রোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে। এই কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করতে পারলে এই রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব।

Link copied!