এপ্রিল ৪, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং ঈদুল আজহার আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। তবে যেসব শিশু অসুস্থ বা জ্বরে আক্রান্ত, তাদের সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে দেশের ৫৬টি জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকটি এলাকাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দারবান জেলায় এই রোগ শনাক্ত হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।