হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে হামের টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।

আজ শুক্রবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘যথা সময়েই হামের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে। পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন আছে।’

আসন্ন মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এছাড়া যক্ষ্মার সম্ভাব্য প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকার কোনো ধরনের ভ্যাকসিন কিনে যায়নি। ফলে বর্তমান সরকারকে এই জরুরি সামগ্রী জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে।’

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘সরকার জনস্বার্থে ভালো কাজ করতে চাইলেও একটি ‘দুষ্টচক্র’ তা প্রতিরোধের চেষ্টা করছে।’

এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!