ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথির আকস্মিক মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের ধারণা, তিনি বিরল মশাবাহিত ভাইরাস ‘জাপানিজ এনসেফালাইটিসে’ আক্রান্ত হতে পারেন। তবে চিকিৎসা নথিতে তাঁর ‘মাল্টিপল স্ট্রোক’ এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ মে হালকা জ্বর, তীব্র মাথাব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। প্রথমে সাধারণ ভাইরাল জ্বর মনে হলেও অল্প সময়ের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্নায়বিক জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে এইচডিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। চিকিৎসকদের একটি বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তবে সেখানে নেওয়ার পরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. কাউসারুল আলম জানান, হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর একাধিক স্ট্রোক হয়। দ্রুত পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও জানান, রোগীকে যখন সেখানে নেওয়া হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পথে তাঁর কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য, উপসর্গ ও শারীরিক অবস্থার ভিত্তিতে জাপানিজ এনসেফালাইটিসের আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কিউলেক্স প্রজাতির মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাস সরাসরি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আঘাত হানে। আক্রান্তদের মধ্যে মৃত্যুঝুঁকি বেশি এবং বেঁচে গেলেও দীর্ঘমেয়াদি স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে।
ড. জাকিয়া সুলতানা জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্টডক সম্পন্ন করে দেশে ফেরেন। সম্প্রতি তিনি সিভাসুতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তাঁর স্বামীও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের এক শিশু সন্তান রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিভাসু কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এক শোকবার্তায় বলেন, দেশের গবেষণা ও শিক্ষা অঙ্গন একজন প্রতিশ্রুতিশীল শিক্ষক ও গবেষককে হারালো।