ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পানামার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০১:১২ পিএম

ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পানামার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল মধ্য আমেরিকার দলটি। অন্যদিকে এই জয়ে শেষ ৩২-এ ওঠার আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া।

মঙ্গলবার গ্রুপ ‘এল’-এর ম্যাচে শুরু থেকে দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ক্রোয়েশিয়া। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় তুলে নেয় ইউরোপের দলটি।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে চাপে ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ফলে পানামার বিপক্ষে জয় ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। সেই লক্ষ্য পূরণ করে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ফিরেছে তারা।

ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেন, গোল করতে না পারলে কোনো ম্যাচ জেতা সম্ভব নয়। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজের দলের লড়াকু পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

তিনি জানান, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও এই দলের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। তার মতে, এই আসরের অভিজ্ঞতা পানামার খেলোয়াড়দের আরও পরিণত করে তুলবে।

এদিন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মড্রিচ আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে মাঠে নামেন। ম্যাচের শুরুতেই তার একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

পানামাও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে হোসে লুইস রদ্রিগেজের একটি হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ক্রোয়েশিয়া। জোসিপ স্তানিসিচের ক্রস থেকে বুদিমিরের হেডে আসে ম্যাচের একমাত্র গোল। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা চালায় পানামা। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া শেষ ম্যাচে ঘানার মুখোমুখি হবে। আর বিদায় নিশ্চিত হওয়া পানামা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

Link copied!