নিহত মো. তারেক (৪৮) | ছবি: সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে একজন প্রবাসী বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
আজ (সোমবার) স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত এবং দুইজন বাংলাদেশি আহত হয়েছেন।
মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। নিহত মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।
নিহতের ফুফাতো ভাই, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।