ফারাক্কার ১০৯টি গেট খুলে দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ১২:৩৫ পিএম

ফারাক্কার ১০৯টি গেট খুলে দিলো ভারত

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। টানা বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খন্ডে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হলো। আশঙ্কা করা হচ্ছে, ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

সোমবার (২৬ আগস্ট) এসব গেট খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানানোর পর তিনি দাবি করেন, বন্যা পরিস্থিতি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ত্রিপুরাসহ ভারতের উত্তর-পশ্চিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি

ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে (বিহার ও ঝাড়খন্ড) বন্যার জেরে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে পানি বইতে থাকায় বাধ্য হয়ে ফারাক্কা ব্যারেজের গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে উল্লেখ করে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার বলেন, “ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট আছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুবই অল্প সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে করে ১০৯টি গেটের সবগুলো খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত।”

Link copied!