মার্চ ১৩, ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এখনো জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার প্রথম দিনেই মোজতবার বাবা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।
তবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ বলে উল্লেখ করেছিল।
গত বুধবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আহত হয়েছেন, তবে তিনি এখনো দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’ বৃহস্পতিবার গভীর রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।
মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান ইসরায়েল এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব স্থানে পাল্টা হামলা চালাচ্ছে।
দুই সপ্তাহ ধরে চলতে থাকা এই সংঘাতে ইতোমধ্যে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেও ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সূত্র: রয়টার্স।