ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় আজ (সোমবার) স্থানীয় সময় সকালে আবারও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল দিকে অন্তত অর্ধ ডজন বিকট শব্দ শোনা গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোর সতর্কবার্তার মধ্যেও ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং তার তীব্রতা বাড়িয়েছে—সাম্প্রতিক বিস্ফোরণ তারই ইঙ্গিত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পরপরই তেহরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পরিচালিত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে টানা তিনদিন কাতারে বিস্ফোরণের খবর পাওয়া গেল।
এদিকে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। পাশাপাশি জোটের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিজেদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।