নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই, এখনও পলাতক ৩ জঙ্গি: কারা মহাপরিদর্শক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৩:২২ পিএম

নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দির নথি নেই, এখনও পলাতক ৩ জঙ্গি: কারা মহাপরিদর্শক

ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির কোনো নথি বর্তমানে কারা অধিদপ্তরের কাছে নেই। একই কারাগার থেকে পালানো ৯ জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

তিনি জানান, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনো ধরাছোঁয়ার বাইরে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নরসিংদী কারাগারের পরিস্থিতিও তুলে ধরেন তিনি।

কারা মহাপরিদর্শক বলেন, নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তিনজন এখনো পলাতক। এ ছাড়া কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিও পাওয়া যাচ্ছে না।

দেশের কারাগারগুলোর অতিরিক্ত বন্দির চাপের কথাও তুলে ধরেন সৈয়দ মো. মোতাহার হোসেন। তিনি জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছে। অথচ এসব কারাগারের মোট ধারণক্ষমতা এর প্রায় অর্ধেক।

বন্দিদের অতিরিক্ত চাপের কারণে দুর্ধর্ষ আসামিদের আলাদা করে রাখার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, জায়গার সংকটের কারণে সব সময় প্রত্যেক শ্রেণির বন্দিকে আলাদাভাবে রাখা সম্ভব হচ্ছে না। এতে কিছু ক্ষেত্রে সাধারণ বন্দিদের জঙ্গিদের সংস্পর্শে আসার আশঙ্কা তৈরি হয়েছে। তবে তাদের আলাদা রাখার চেষ্টা চলছে।

কারাগারে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মোবাইল ফোনে কথা বলছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটছে, তবে এখন এ প্রবণতা কমে এসেছে। তাদের কোনো অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে না।

Link copied!