ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
শুক্রবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের আদেশে এ মামলায় আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিনজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
পুলিশ জানায়, আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।