জুলাই অভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে জনগণের গৌরবময় লড়াই: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০২:৩৭ পিএম

জুলাই অভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে জনগণের গৌরবময় লড়াই: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবেই জুলাই অভ্যুত্থানকে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই আন্দোলনও জাতির জন্য একটি গৌরবের অধ্যায়।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের ইতিহাসে বারবার অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধ যেমন জাতির অস্তিত্ব ও গর্বের জায়গা, তেমনি সাম্প্রতিক আন্দোলনও সেই ধারাবাহিকতার অংশ। তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরশাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে এবং এর চেতনাকে সামনে রেখেই দেশ এগিয়ে নিতে হবে।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!