ছবি: এপি
প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে নেমে সফল হয়েছে আলজেরিয়া। সান ফ্রান্সিসকোর বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে উত্তর আফ্রিকার দেশটি।
অন্যদিকে, অস্ট্রিয়ার পর আলজেরিয়ার কাছেও পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান। সেই প্রচেষ্টার ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে গোল করেন মিডফিল্ডার নিজার আল-রাশদান। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জর্ডান।
গোল হজমের পর আলজেরিয়া আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধে জর্ডানের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় এশিয়ার প্রতিনিধিরা।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। সমতায় ফেরার লক্ষ্যে শুরু থেকেই জর্ডানের ওপর চাপ সৃষ্টি করে আলজেরিয়া। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। জর্ডানের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান নাদির বেনবুয়ালি।
সমতায় ফেরার পরও আক্রমণ অব্যাহত রাখে আলজেরিয়া। ম্যাচের ৮২তম মিনিটে আসে জয়সূচক গোল। কর্নার থেকে ভেসে আসা বল জর্ডানের ডিফেন্ডাররা ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখে সুযোগ পেয়ে যান আমিনে গুইরি। সুযোগটি কাজে লাগিয়ে সহজেই বল জালে জড়িয়ে আলজেরিয়াকে ২-১ ব্যবধানের গুরুত্বপূর্ণ জয় এনে দেন তিনি।
এই জয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল আলজেরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে দলটির পরবর্তী ভাগ্য।