মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১২:২১ পিএম

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

ছবি: এপি

সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মাঠে নিজের জাদু দেখাতে ভোলেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

এটি বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও উঠে এসেছেন শীর্ষে। ১৬ গোল করে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচজুড়ে আলজেরিয়া ছোট ছোট কিছু আক্রমণ গড়ে তুললেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তেমন চাপে ফেলতে পারেনি। প্রথমার্ধে আর্জেন্টিনা যে ধারায় খেলেছে, দ্বিতীয়ার্ধে তা আরও আক্রমণাত্মক রূপ নেয়।

ম্যাচের প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে। এরপর দ্বিতীয়ার্ধে ৬০ ও ৭৬তম মিনিটে আরও দুটি গোল করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার।

এদিন শুধু হ্যাটট্রিকই নয়, আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম লেখান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ করেন ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

এদিকে এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Link copied!