লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:৩০ পিএম

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লিভারপুলকে ৪-২ ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। এই জয়ের মাধ্যমে ক্লাবটি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। প্রথমার্ধের ৪২ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে লিভারপুল। ৫২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে সমতা ফেরান অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি অলরেডদের জন্য। পাঁচ মিনিট পর ডমিনিক সোবোসলাইয়ের ভুলে সুযোগ কাজে লাগিয়ে আবারও লিড নেয় ভিলা, গোল করেন ওলি ওয়াটকিন্স।

৭৩ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওয়াটকিন্স, ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জন ম্যাকগিনের শটে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় লিভারপুল। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তা কেবল ব্যবধানই কমায়।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি লিভারপুলের ১৯তম হার। এই হারে আর্নে স্লটের দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার ভাগ্য এখনো অনিশ্চিত রয়ে গেছে। ব্রাইটন ও বোর্নমাউথের মধ্যকার ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। অন্যদিকে ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা, টপকে গেছে লিভারপুলকে।

Link copied!