এপ্রিল ৪, ২০২৬, ১২:০৪ এএম
ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ শটে সফল হন প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নেওয়া পঞ্চম কিকেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়।
ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখালেও গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিন দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। ফলে উল্লেখযোগ্য কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত।
অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হলে উইং দিয়ে গতি এনে কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি। ম্যাচের শেষদিকে তার দারুণ এক পাস থেকে সুযোগ পান রোনান, তবে এগিয়ে আসা গোলরক্ষকের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪-৩ গোলের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে রাখে লাল-সবুজের দল, যা বয়সভিত্তিক ফুটবলে দেশের জন্য একটি বড় অর্জন।