সন্ধ্যায় শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০১:১৪ পিএম

সন্ধ্যায় শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মার্চ ফিফা উইন্ডোতে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এর হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও হেড কোচ হাভিয়ের কাবরেরা।

৩১ মার্চ সিঙ্গাপুর-এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে খেলতে প্রস্তুত হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ার দল।

যদিও সিনিয়র পর্যায়ে বাংলাদেশ ও ভিয়েতনাম আগে কখনও মুখোমুখি হয়নি। তাই ম্যাচের ফল নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। তবে নিজেদের মাঠে খেলায় ভিয়েতনামকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও গত এক বছরে বদলে গেছে বাংলাদেশের পারফরম্যান্স। হামজা ও নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলে যোগ দেওয়ার পর বিদেশের মাটিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লাল-সবুজরা। সেই আত্মবিশ্বাস থেকেই ভিয়েতনামের মাঠে জয় পাওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল।

তিনি বলেন, ‘আমরা মনে করি ভিয়েতনাম এশিয়ার মধ্যে অন্যতম একটি দল। তাই এ ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে চলেছে। তবে গত ১ বছরে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে আমরা বিশ্বাস করি, এশিয়ার অন্যতম দলের সঙ্গে আমরা লড়াই করতে পারবো।’

এবার দলে শুরু থেকেই রয়েছেন জায়ান, ফাহমিদুল ও শোমিতরা, ফলে বোঝাপড়ার সুযোগও বেশি পেয়েছে দল। যদিও হামজা শুরু থেকে অনুশীলনে না থাকলেও দলীয় পারফরম্যান্সে বড় প্রভাব পড়বে না বলেই মনে করছেন কোচ।

আগের ম্যাচগুলোতে রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করার দায়িত্বও নিতে হয়েছে হামজাকে। তবে এই ম্যাচে ফরোয়ার্ডদের ওপরই থাকবে গোলের দায়িত্ব। ফাহিম, মোরসালিন ও ফাহমিদুলদের ভালো পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। সিঙ্গাপুর সফরের আগে ভিয়েতনামের বিপক্ষে জয় বড় আত্মবিশ্বাস যোগাতে পারে বাংলাদেশের জন্য।

অন্যদিকে, ভিয়েতনাম তাদের শেষ তিন ম্যাচে লাওস, মালয়েশিয়া ও নেপালের বিপক্ষে টানা জয় পেয়েছে। কোচ কিম সাং-সিক-এর দলটি আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই শক্তিশালী। ফলে এই ম্যাচে দুই বিভাগেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশের ফুটবলারদের।

Link copied!