ছবি: সংগৃহীত
ফ্রান্সের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। অরল্যান্ডোয় অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারের আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সেলেসাওদের।
আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ের ম্যাচে দলের হয়ে গোল করেন দানিলো, ইগর থিয়াগো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত দৌড়ের পর বল বাড়ালে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন দানিলো।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়ের গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে বদলি হিসেবে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতরে ফাউলের শিকার হলে ব্রাজিল পায় পেনাল্টি, যেখান থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার জালে শেষ গোলটি করেন মার্টিনেল্লি। তৃতীয় গোলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল এন্দ্রিকের।
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ব্রাজিল এবারের আসরে খেলবে ‘সি’ গ্রুপে। আগামী ১৩ জুন মরক্কো জাতীয় ফুটবল দলর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১৯ জুন হাইতি জাতীয় ফুটবল দল এবং ২৪ জুন স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলর মুখোমুখি হবে সেলেসাওরা।