ফিফা বিশ্বকাপ ২০২৬

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০১:৪৩ পিএম

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো

ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে এবার নতুন ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। কেপ ভার্দের পর তারাই এবারের আসরের দ্বিতীয় বড় চমক হয়ে উঠেছে।

তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিলো কঙ্গো। মাত্র ১০ মিনিটেই উজবেকিস্তানের তারকা ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক লব শটে দলকে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল কঙ্গোর স্বপ্ন বুঝি শুরুতেই শেষ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। কোচ সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শারীরিক লড়াইয়ে আধিপত্য দেখাতে শুরু করে।

ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি পায় কঙ্গো। বক্সে ঢোকার সময় ইউয়ান উইসাকে ফাউল করেন উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে উইসা নিজেই স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান। গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভকে ভুল দিকে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান তিনি।

এর ১০ মিনিট পরই এগিয়ে যায় কঙ্গো। মেশাক এলিয়ার জোরালো শট ডিফ্লেক্ট হলে সুযোগটি কাজে লাগান ফিস্তন মায়েলে। দ্রুত ফ্লিক করে বল জড়িয়ে দেন জালে। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

যোগ করা সময় সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় উজবেকিস্তান। সেই সুযোগে পাল্টা আক্রমণে আবারও গোল করেন ইউয়ান উইসা। বক্সের কিনারা থেকে নেওয়া তার দারুণ কার্লিং শট জড়িয়ে যায় জালের নিচের কোণে। ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কঙ্গোর বেঞ্চ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছিল ডিআর কঙ্গো। সেই আত্মবিশ্বাস ধরে রেখে এবার নকআউট পর্বে উঠে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল দলটি।

Link copied!