৭-১ গোলে কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু জার্মানির

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১২:৪২ পিএম

৭-১ গোলে কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু জার্মানির

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দিয়েছে জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাই হাভার্টজ জোড়া গোল করার পাশাপাশি আরও পাঁচ জার্মান ফুটবলার স্কোরশিটে নাম লেখান।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাওয়ের মুখোমুখি হয় জার্মানি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানরা। ৬ষ্ঠ মিনিটেই এনমেচারের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৪ মিনিট পর বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে জালে জড়িয়ে গেলে সমতায় ফেরে কুরাসাও।

এরপর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় জার্মানি। ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণের ধার বজায় রাখে তারা। যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কাই হাভার্টজ। ফলে ৩-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কিমিখের দল।

বিরতির পর আরও ভয়ঙ্কর রূপে দেখা যায় জার্মানদের। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মুসিয়ালা।

এরপর কুরাসাওয়ের রক্ষণভাগকে চাপে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানি। ম্যাচের ৬৮, ৭৮ ও ৮৮ মিনিটে আরও তিনটি গোল করে তারা। স্কোরশিটে নাম লেখান নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ এবং কাই হাভার্টজ।

Link copied!