ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে করে গ্রুপে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের তরুণরা।
মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথমার্ধের ১৭ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় ভারত, গোলটি করেন বিশাল যাদব। তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে দেরি করেনি বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান আব্দুল রিয়াদ ফাহিম। রোনান সুলিভানের নিখুঁত কর্নার থেকে তার প্লেসিং শটে জালে বল জড়ায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি ড্রতেই শেষ হয়।
এর আগে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় চার। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে ভারত।
সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ ভুটান।