ছবি: সংগৃহীত
আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর এবারের আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার।
পিএসএলে খেলতে সোমবার সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানে যাবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে।
এদিকে, আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে পিএসএলে দল পাওয়া ছয় ক্রিকেটারের কাউকেই পুরো টুর্নামেন্ট খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি।
বোর্ড সূত্রে জানা গেছে, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। পারভেজ হোসেন ইমনকে অনুমতি দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে দুই ধাপে এনওসি দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন তিনি। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই বাঁহাতি পেসার।