শেষ মুহূর্তের গোলে সেলটাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০২:১৬ পিএম

শেষ মুহূর্তের গোলে সেলটাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

ছবি: সংগৃহীত

লা লিগা-তে শেষ মুহূর্তের গোলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেলটা ভিগোর মাঠে যোগ করা সময়ে গোল করে দলকে ২–১ ব্যবধানে জয় এনে দেন ফেদেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শেষ দিকে ভালভার্দের নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কোস আলনসোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। লিগে টানা দুই ম্যাচ জয়ের বাইরে থাকার পর এটি তাদের প্রথম জয়।

এর আগে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মাদ্রিদ। ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির একটি শট গোলপোস্টে লেগে জালে ঢুকলে লিড পায় দলটি।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি স্বাগতিক সেলটা ভিগো। ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড উইং দিয়ে প্রতিপক্ষকে থামাতে ব্যর্থ হলে সহজেই তাকে টপকে যান উইলিয়ট সোয়েডবার্গ। পরে তিনি বল বাড়ান বোরহা ইগলেসিয়াসকে, সেখান থেকেই সমতায় ফেরে সেলটা।

এই ম্যাচে রিয়ালের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার অনুপস্থিত ছিলেন। ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ অন্তত ছয়জন তারকা। ফলে দলের কোচ আলভারো আরবেলোয়াকে ভিন্ন কৌশলে দল সাজাতে হয়েছে।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় বার্সেলোনার ঠিক এক পয়েন্ট পেছনে উঠে এসেছে রিয়াল, যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা।

অন্যদিকে আজ শনিবার অ্যাথলেটিক ক্লাবর মাঠে খেলতে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জয় পেলে আবারও চার পয়েন্টের ব্যবধান তৈরি করতে পারবে তারা।

Link copied!