৫ গোলে হেরেও ঋতুপর্ণাদের নিয়ে গর্বিত কোচ বাটলার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০২:৩৪ পিএম

৫ গোলে হেরেও ঋতুপর্ণাদের নিয়ে গর্বিত কোচ বাটলার

ছবি: বাফুফে

নারী এশিয়ান কাপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের পর এবার শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটির কাছে সাবিনা-মারিয়ারা ৫-০ গোলে পরাজিত হয়েছে। তবে এমন বড় হারের পরও কোচ পিটার বাটলার তার খেলোয়াড়দেরকে দোষারোপ করছেন না। বরং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে তাদের লড়াই নিয়ে তিনি গর্বিত এই ব্রিটিশ কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের ব্যবধান নিয়ে বাটলার হতাশা প্রকাশ করেননি। চরম বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, ‍‍`আমরা আজ একটি অসাধারণ দলের বিপক্ষে খেলেছি, যা আমাদের জন্য প্রকৃত শিক্ষণীয়। আমরা তাদের সঙ্গে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি ঠিকই, তবে এমন শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে ৫-০, ৬-০ বা ৭-০ গোলে হেরে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়।‍‍`

র‍্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা বাংলাদেশ প্রথম ৪৫ মিনিট উত্তর কোরিয়াকে আটকে রাখলেও শেষ পর্যন্ত ৫ গোল হজম করে। এ নিয়ে হতাশা আছে কি না এমন প্রশ্নে কোচের সরল উত্তর, ‍‍`আমি মোটেও দুঃখিত বা হতাশ নই। চীন ও উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেললে আপনি গোল খাবেনই।‍‍`

আগের ম্যাচে চীনের বিপক্ষে ৪৩ ও ৪৪ মিনিটে জোড়া গোল হজম করেছিল বাংলাদেশ। এদিন উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের যোগ সময়ে দুই গোল এবং দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৬৫ মিনিটে আরও দুই গোল হজম করে দলটি। মনোযোগের অভাবকেই এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বাটলার বলেন, ‍‍`আপনাকে মনে রাখতে হবে প্রতিপক্ষ কেবল ভালো ফুটবলারই নয়, উঁচু মানের অ্যাথলেটও। আমরা ভুল করব এবং এই যাত্রাপথেই শিখব।‍‍`

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সাধারণত বদলি খেলোয়াড় না নামানো হলেও বাটলার একযোগে তিনটি পরিবর্তন আনেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‍‍`চীনের বিপক্ষে ম্যাচের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন বিরতির ঠিক আগে মেয়েরা ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমরা গোল খেয়েছিলাম। আজ অনেকেই ভাবতে পারেন আমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কয়েকজন প্রচণ্ড ক্লান্ত।‍‍`

চীনের বিপক্ষে ঋতুপর্ণারা দারুণ কিছু আক্রমণ করলেও উত্তর কোরিয়ার বিপক্ষে এদিন কোনো ‍‍`শট অন টার্গেট‍‍`ই ছিল না বাংলাদেশের। এ নিয়ে প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ হয়ে বাটলার বলেন, ‍‍`আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমরা একটি শীর্ষ মানের ফুটবল দলের বিপক্ষে খেলেছি, যারা আমাদের পুরোপুরি আটকে দিয়েছে।‍‍`

তবে ৫ গোল হজমের পরও গোলপোস্টের নিচে মিলি আক্তারের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মিলিকে ‍‍`সত্যিকারের যোদ্ধা‍‍` আখ্যায়িত করে কোচ বলেন, ‍‍`জীবনের প্রতি তার জেদ ও উদ্দীপনা প্রশংসনীয়। এই সুযোগ সে প্রাপ্য, তার জন্য আমার কেবল প্রশংসাই আছে।‍‍`

আগামী ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ তৈরি হতে পারে। তবে দলের গড় বয়স মাত্র সাড়ে ১৯ বছর উল্লেখ করে বাটলার মনে করিয়ে দেন, ‍‍`আমাদের প্রত্যাশা বাস্তবসম্মত হতে হবে। এই পর্যায়ে পৌঁছানোই আমাদের জন্য বড় সাফল্য। মেয়েরা এখন আইস বাথ নেবে। কাল আমরা পার্থে যাব। সবচেয়ে বড় কথা, বড় কোনো ইনজুরি ছাড়া ম্যাচটা শেষ হয়েছে। আমরা আবারও হাসিমুখে মাঠে নামব, লড়াই করব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।‍‍`

Link copied!