ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে এক ম্যাচেই বিশ্বকাপের চারটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক।
মঙ্গলবার হিউস্টোনে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’ এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন রোনালদো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর বিশ্বকাপ গোলের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে ইরানের বিপক্ষে। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলতি ২০২৬ বিশ্বকাপেও গোল করে টানা ছয় আসরে জালের দেখা পেলেন তিনি।
এদিনের প্রথম গোলটি তাকে আরেকটি ইতিহাসের মালিকও বানায়। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে মোট ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করা প্রথম খেলোয়াড় এখন রোনালদো।
প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করেন তিনি। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন। বিশ্বকাপের মঞ্চে এখন তার গোলসংখ্যা ১০, যা পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
রোনালদোর আরেকটি অর্জন এসেছে বয়সের বিচারে। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি ইউরোপের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ইতিহাসে তার অবস্থান দ্বিতীয়। এই তালিকার শীর্ষে রয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা, যিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে বিশ্বকাপে গোল করেছিলেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা। ৪১ বছরেও তিনি পর্তুগালের সবচেয়ে বড় ভরসা এবং বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। তার জোড়া গোলে উজবেকিস্তানকে হারিয়ে পরবর্তী পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে পর্তুগাল।